সিলেটটুডে ডেস্ক | ১৭ আগস্ট, ২০১৬
ভারত থেকে বানের পানিতে ভেসে আসা হাতি 'বঙ্গ বাহাদুর' হার্ট অ্যাটাকে মারা গেছে।
উদ্ধারকারী দলের সদস্য ডুলাহাজরা সাফারি পার্কের ভ্যাটেরেনারি সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য দিয়েছেন।
তিনি জানান, অতিরিক্ত গরমে ও পানিশূন্যতায় হাতিটি হার্ট অ্যাটাক করে।
মঙ্গলবার বিকালে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার কামরাবাদ ইউনিয়নের কয়রা গ্রামে গিয়ে হাতিটির ময়নাতদন্ত সম্পন্ন করেন ডা. মুস্তাফিজুর রহমান।
এর আগে মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে 'বঙ্গ বাহাদুর' মারা যায়। মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন- কক্সবাজারের ডুলা হাজরা সাফারি পার্কের ভ্যাটেনারি সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, গাজীপুর সাফারি পার্কের ভ্যাটেনারি সার্জন ডা. নিজামুদ্দিন ও সরিষাবাড়ি পশু সম্পদ কর্মকর্তা ডা. বিদ্যুত কুমার সাহা।
বাংলাদেশ বন বিভাগের সাবেক বন সংরক্ষক কর্মকর্তা ড. তপন কুমার দে জানান, উদ্ধার হওয়া ভারতীয় হাতিটিকে নিয়ে গত কয়েকদিন ধরে বিপাকে পড়েন বন বিভাগের কর্মকর্তারা।
সোমবার তৃতীয় দফা টাংকুলাজারের মাধ্যমে আটক করার পর ২৪ ঘণ্টা পার না হতেই 'বঙ্গ বাহাদুর' মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। ক্রমশ ঝিমিয়ে পড়তে থাকে সে, এরপরই মঙ্গলবার ভোরে মারা যায় হাতিটি।
এদিকে বন বিভাগের দায়িত্ব অবহেলার কারণেই 'বঙ্গ বাহাদুর' মারা গেছে বলে অভিযোগ তুলেছেন জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সোনাকান্দ এলাকার বাসিন্দারা। তারা দফায় দফায় বিক্ষোভও করেছে।
উল্লেখ্য, গত ২৭ জুন ভারতীয় এই বন্য হাতিটি বন্যার পানিতে ভেসে বাংলাদেশে ঢুকে পড়ে। প্রায় দেড় মাস এটি জামালপুর, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ ও বগুড়ার চরাঞ্চলে ঘুরে বেড়াচ্ছিল।
হাতিটি উদ্ধারে গত ৪ আগস্ট ভারতীয় একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসে। ৫ আগস্ট থেকে টানা তিনদিন তারা উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু কোনোভাবেই হাতিটিকে ডাঙ্গায় ভেড়ানো সম্ভব হয়নি। পরে ৮ আগস্ট তারা দেশে ফিরে যান।