সিলেটটুডে ডেস্ক | ১৭ আগস্ট, ২০১৬
জঙ্গি সন্দেহে গ্রেফতার হওয়া তিন ছাত্রীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের কর্ডোভা হলে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মনিটরিং সেলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মনিটরিং সেলের আহবায়ক ও ফার্মেসি বিভাগের প্রধান প্রফেসর ড. নুরুননাহার রহমান।
বহিষ্কৃত ওই তিন ছাত্রী হচ্ছেন আকলিমা রহমান মনি, খাদিজা পারভীন মেঘনা ও ইসরাত জাহান। তারা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর ও পাবলিক রিলেশন্স ও স্টুডেন্টস অ্যাফেয়ার্স বিভাগের ইনচার্জ আবদুল মতিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মনিটরিং সেলের সদস্যরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাইয়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আইন-শৃঙ্খলাবাহিনীর হাতে গ্রেফতার হওয়া বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের তিন ছাত্রীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেন। আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এছাড়া সভায় সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামী ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিরপুর ক্যাম্পাসে ফার্মেসি বিভাগের ছাত্র-ছাত্রীদের অভিভাবক এবং ২৪ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় গুলশান ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় শিক্ষার্থীদের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য বিভিন্ন বিভাগের শিক্ষকদের নিয়ে গঠিত কমিটির দায়িত্ব পর্যালোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বিজনেস অনুষদের ডিন প্রফেসর সিরাজউদ্দৌলা শাহীন, ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর হেমায়েত হোসাইন খান, সহকারী প্রক্টর সাজ্জাদ হোসাইন, সহকারী ছাত্রবিষয়ক উপদেষ্টা আবুল কালাম আজাদসহ সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মনিটরিং সেলের অন্যান্য সদস্যরা।