সিলেটটুডে ডেস্ক | ১৮ আগস্ট, ২০১৬
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লোপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগ ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) মাকাতি শহরের জুপিটার স্ট্রিট শাখার সাবেক ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতোকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে তাকে সহ সহকারী ব্যবস্থাপককে বরখাস্ত করেছিল ব্যাংকটির কর্তৃপক্ষ।
মায়া সান্তোসের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির পর পাচারের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। ফিলিপাইনের গণমাধ্যম ফিলস্টার ও রয়টার্স এ খবর নিশ্চিত করেছে।
বুধবার (১৭ আগস্ট) দেশটির রাজধানী ম্যানিলার একটি সুপারমার্কেট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া অর্থ পাচারের ঘটনায় ব্যাংকের নিয়মনীতিমালা ভঙ্গ ও ভুয়া নথি তৈরিতে জড়িত থাকার অভিযোগে একটি মামলা করেন আরসিবিসির সাবেক প্রেসিডেন্ট লরেঞ্জ তান। এ মামলার পরিপ্রেক্ষিতে মায়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে আজ তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে এই অভিযোগে গত মার্চ মাসে আরসিবিসির মাকাতি শহরের জুপিটার স্ট্রিট শাখার ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো ও সহকারী ব্যবস্থাপক অ্যাঞ্জেলা তোরেসকে বরখাস্ত করে ব্যাংক কর্তৃপক্ষ।