Sylhet Today 24 PRINT

ভুয়া সিম পাওয়া গেলে সিম প্রতি ৫০ ডলার জরিমানা

সিলেটটুডে ডেস্ক |  ১৮ আগস্ট, ২০১৬

বাংলাদেশে মোবাইল ফোনের ভুয়া সিম পাওয়া গেলেই আগামী সপ্তাহ থেকে সংশ্লিষ্ট কোঁম্পানি বা অপারেটরের বিরুদ্ধে প্রতিটি সিমের জন্য ৫০ ডলার করে জরিমানা আদায় করবে বিটিআরসি। বিবিসি বাংলাকে এ তথ্য জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ

কারও অগোচরে আঙুলের ছাপ নিয়ে ভিন্ন সিম নিবন্ধনের অনেক অভিযোগ রয়েছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বলছে, এ ধরনের জালিয়াতির ঘটনা বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের উদ্দেশ্যকে আঘাত করেছে।

শাহজাহান মাহমুদ বিবিসি বাংলাকে বলেন, বায়োমেট্রিক্যালি সিম রি-রেজিস্ট্রেশন করার উদ্দেশ্যটাই ছিল, যাতে একজনের নামের সিম অন্য কারো হাতে না যায়।

তিনি বলেন, আমরা যদি প্রমাণ করতে পারি যে কোনো অপারেটর এ ধরনের কাজের (জালিয়াতি) সাথে জড়িত, তবে তাদেরকে আমরা তিন কোটি থেকে প্রায় ৩০০ কোটি টাকা জরিমানা করার অধিকার আমাদের আছে। বিটিআরসি মনে করে সিম জালিয়াতির ঘটনায় সংশ্লিষ্ট সবগুলো পক্ষের দায় আছে।

মোবাইল কোম্পানিগুলোর সংগঠন অ্যামটবের মহাসচিব নুরুল কবির অবশ্য জালিয়াতির দায় চাপান মাঠপর্যায়ের সিম বিক্রেতাদের ওপর। অ্যামটবের পক্ষ থেকে বলা হচ্ছে, পাঁচ হাজারের মতো সিম জালিয়াতি হয়েছে বলে তাদের ধারণা।

গ্রাহকের হাতে থাকা মোবাইল সিমের সংখ্যা ছিল ১৩ কোটি ২০ লাখ। কিন্তু শেষ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন হয়েছে ১১ কোটি ৬০ লাখ সিম। এর মধ্যে জালিয়াতির সংখ্যা কত সে বিষয়ে কেউ সুনির্দিষ্ট তথ্য দিতে পারছে না।

কোন প্রক্রিয়ায় জালিয়াতি হচ্ছে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবগুলো পক্ষ একই কথা বলছে। কিন্তু দুর্বলতা কোথায় ছিল, সে প্রশ্নে কেউ দায় নিতে রাজি নয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.