Sylhet Today 24 PRINT

বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর ক্রমেই উগ্র ধর্মীয় মতাদর্শে সম্পৃক্ত হয়ে পড়ে সাদমান

একুশ তাপাদার |  ১৮ আগস্ট, ২০১৬

বামের ছবিটি বিশ্ববিদ্যালয় ভর্তিকালীন, ডানের ছবিটি বর্তমানের

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাস থেকে বৃহস্পতিবার জঙ্গি সন্দেহে আটক হওয়া সিএসই বিভাগের ছাত্র সাদমান আবেদিন বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে স্বাভাবিক জীবন যাপন করলেও ক্রমেই উগ্র ধর্মীয় মতাদর্শে সম্পৃক্ত হয়ে পড়ে। ধীরে ধীরে আচার আচরণ থেকে পাল্টে যায় তার বেশ ভুষাও।

বৃহস্পতিবার ( ১৮ আগস্ট) সকাল  সাড়ে ১০টায় আইআইসিটি ভবনের তৃতীয় তলায় সিএসই বিভাগ থেকেই কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা তাকে আটক করে। এ সময় জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাথে ছিলেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যান উপদেষ্টা রাশেদ তালুকদার।

এর আগে আব্দুল আজিজ, ইফফাত আহমেদ চৌধুরী  ও মোহাম্মদ জুয়েল আহমদ  নামে একই বিশ্ববিদ্যালয়ের আরও তিন ছাত্রকে আটক করা হয়েছিল। জালালাবাদ থানার একটি সূত্র জানিয়েছে আটক ওই তিন ছাত্রের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সাদমানকে আটক করা হয়েছে। এরমধ্যে আব্দুল আজিজ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) বিশ্ববিদ্যালয় শাখা সমন্বয়ক এবং জুয়েল হিযবুত তাহরিরের সক্রিয় কর্মী। আর ইফফাত এবিটির সদস্য। জুয়েল ছাড়া বাকি ২জনকে ক্যাম্পাস আটক করা হয়েছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাদমানের টাইমলাইনজুড়েও উগ্র মতাদর্শীয় পোস্টের আধিক্য দেখা গেছে। সর্বশেষ গত ১৫ আগস্টের এক পোস্টে "ইসলামের শত্রুদের  ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দেয়ার আহবান" জানিয়ে এক পোস্ট দিয়েছিল সে।

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলেও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি শাবিপ্রবির থেকে ৪ জনকে জঙ্গিবাদ সম্পৃক্ততায় আটক করা হয়েছে। যার মধ্যে ৩জনকেই আবার ক্যাম্পাস থেকেই আটক করা হয়।

এ ব্যাপারে শাবিপ্রবির সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রেজা সেলিম সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " আজ (বৃহস্পতিবার) সকালে পরীক্ষার হল থেকে তাকে আটক করে নেয়া হয়েছে, সাদমান নিয়মিত ছাত্র ছিল, ওর কোন সেমিস্টার ড্রপ নেই, জালালাবাদ থানার ওসি আমাদের জানিয়েছেন সাম্প্রতিক জঙ্গি কার্যক্রমের সাথে সে যুক্ত।"

আগে থেকে এই ছাত্রের ব্যাপারে তাদের কোন সন্দেহ ছিল না জানতে চাইলে তিনি বলেন,"আসলে ২৪ ঘন্টা কাউকে তো আমাদের মনিটরিং করা সম্ভব না কাজেই বলতে পারছি না"

২০১১ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে এইচএসসিতে ৪.৬০ পেয়ে পাশ করে শাবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। বিশ্ববিদ্যালয়ে তাঁর সহপাঠিদের থেকে জানা যায়, শুরুতে নিরিহ স্বভাবের থাকলেও ক্রমেই ধর্মীয় উগ্র মতাদর্শের জড়িয়ে পড়ে সে। ইসলামি ছাত্র শিবিরের নেতাকর্মীদের সাথেও প্রায়ই তাকে অন্তরঙ্গ আলাপ করতে দেখা যেত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।  

বিশ্ববিদ্যালয়ের নথি থেকে জানা যায়, সাদমানের বাড়ি ফেনি জেলার ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুরে। তবে বর্তমানে তাঁর পরিবার চট্টগ্রাম নগরীর খুলশির কুসুমবাগ আবাসিক এলাকায় বাস করেন।

তার বাবার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন ও মা রোকসানা আক্তার। বিশ্ববিদ্যালয়ের নথি থেকে নাম্বার নিয়ে রোকসানা আক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমি খুব অসুস্থ এই ব্যাপারে এখন কোন কথা বলতে পারব না।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.