Sylhet Today 24 PRINT

বিটিভি দেখা যাবে ভারতে

সিলেটটুডে ডেস্ক |  ১৯ আগস্ট, ২০১৬

বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভি শিগগিরই ভারতে দেখা যাবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার (১৯ আগস্ট) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ভারতে বাংলাদেশি বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচারের বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে বলেও এসময়ে জানান তিনি।

সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী জানান, ভারতের দূরদর্শন মঞ্চ থেকে বিটিভি দেখানোর যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই চ্যানেলের সম্প্রচার নিয়ে যেসব আইনি জটিলতা ছিল, ভারতের তথ্যমন্ত্রী ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে আলোচনায় তার সমাধান মিলেছে। কিছুদিনের মধ্যেই ভারতে বাংলাদেশ টেলিভিশন দেখানোর বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ভারতীয় তথ্যমন্ত্রী।

ইনু বলেন, বিটিভি ও দূরদর্শন যৌথভাবে কয়েকটি অনুষ্ঠান করবে। যেখানে বাংলাদেশ-ভারতের ইতিহাস, সংস্কৃতি সম্পর্কে অনুষ্ঠান থাকবে। একটি নির্দিষ্ট সময়ে তা দেখানোর ব্যবস্থা করা হবে।

বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেলগুলো ভারতে দেখানোর বিষয়ে  হাসানুল হক ইনু বলেন, ভারতের তথ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, বন্ধুভাবাপন্ন সার্ক দেশগুলোর চ্যানেলের ডাউনলিংকিং ব্যয় কমানোর বিষয়টি ভারত সরকার বিবেচনা করছে। এতে বাংলাদেশের চ্যানেলগুলো বাণিজ্যিক সুবিধা পাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.