সিলেটটুডে ডেস্ক | ১৯ আগস্ট, ২০১৬
রাজধানীর গেণ্ডারিয়া এলাকায় হিজবুত তাহরীরের লিফলেট বিতরণকালে দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার জুমার নামাজের পর তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজ ও ঢাকা কলেজের ছাত্র জাহিদ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে গেণ্ডারিয়া থানা পুলিশ।
গেণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মিজানুর রহমান জানান, শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে সাধনা গলির মসজিদে ওই দুই তরুণ হিজবুত তাহরীরের পক্ষে লিফলেট বিতরণ করছিল।
তিনি বলেন, হিজবুত তাহরীর নামক সংগঠনটির সকল কার্যক্রম নিষিদ্ধ। সে কারণে তাদের আটক করে থানায় নেয়া হয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের অাদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।