Sylhet Today 24 PRINT

১২ দাবি না মানলে ২৮ আগস্ট সারাদেশের পেট্রোল পাম্পে ধর্মঘট

সিলেটটুডে ডেস্ক |  ২০ আগস্ট, ২০১৬

ইজারা মাশুল বাড়ানোর সিদ্ধান্ত বাতিল এবং কমিশন ও ট্যাংকলরির ভাড়া বাড়ানোসহ ১২ টি দাবি না মানলে ২৮ আগস্ট সারা দেশের পেট্রোল পাম্পে ধর্মঘট করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

শনিবার (২০ আগস্ট)  রাজধানীর একটি হোটেলে ঐক্য পরিষদের সংবাদ সম্মেলনে জানানো হয়, তাদের দাবিগুলো মানতে সরকারকে ২৭ আগস্ট মধ্যরাত পর্যন্ত সময় দেয়া হচ্ছে কিন্তু তা পূরণ না হলে ওই  সময় থকের  দেশের সব পেট্রোল পাম্প বন্ধ থাকবে। ট্যাংকলরির মাধ্যমে তেল উত্তোলন, পরিবহন এবং বিপণনও বন্ধ থাকবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কমিশন বৃদ্ধিসহ নানা দাবি ছয় বছরেও বাস্তবায়ন হয়নি।

সম্প্রতি ১২ দফা দাবির বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে তিনবার চিঠি পাঠিয়েও কোনো লাভ হয়নি বলে জানান পরিষদের নেতারা।

পেট্রোল পাম্পগুলোর অবস্থান সড়ক, মহাসড়কের পাশে। একারণে সড়ক ও জনপথ অধিদপ্তরের জমি সংযোগ সড়ক হিসেবে ইজারা নেওয়া হয়েছে। কিন্তু কয়েকবছর পরপরই সওজের জমির ইজারা মাশুল বাড়ানো হচ্ছে। এটা ‘অযৌক্তিক’ উল্লেখ করে এ ব্যাপারে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, গত কয়েক বছরে পেট্রোল পাম্প পরিচালনায় ব্যয় কয়েকগুণ বেড়েছে। কিন্তু কমিশন বাড়ানো হয়নি। ২০১১ সালের হিসেবেই পাম্প মালিকদের কমিশন দেওয়া হচ্ছে।

এ অবস্থায় কমিশন বাড়ানো না হলে পাম্প চালানো সম্ভব হবে না উল্লেখ করে তেল বিক্রির ওপর কমিশন বাড়ানোর দাবি জানান তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.