Sylhet Today 24 PRINT

সন্দেহভাজন জঙ্গি সাকেরের জামিন স্থগিত আপিল বিভাগে

সিলেটটুডে ডেস্ক |  ২২ আগস্ট, ২০১৬

জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক নৌ কর্মকর্তার ছেলে  ফিদা মুনতাসির সাকেরের জামিন তিন মাসের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ।

সোমবার (২২ আগস্ট) প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। এর আগে, হাই কোর্টের বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চ গত ৬ জুন সাকেরকে ছয় মাসের জামিন দিয়েছিলেন। জামিন আদেশে বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের প্রেক্ষিতে এ স্থগিতাদেশ আসলো।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির। সাকেরের পক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি।

মোমতাজ ফকির পরে সাংবাদিকদের বলেন, “আপিল বিভাগ দুই মামলার তার জামিন তিন মাসের জন্য স্থগিত করে দিয়েছে। এই সময়ের মধ্যে উভয় মামলায় পুলিশ প্রতিবেদন দিতে বলেছে আদালত।”

ফিদার বাবা মোহাম্মদ সাকের নৌ-বাহিনীর একজন সাবেক কমান্ডার বলে জানান এই আইনজীবী।

মামলার নথিতে দেখা যায়, ফিদা নিজেকে আনসারুল্লাহ বাংলা টিমের সমন্বয়ক এবং আইএসের সদস্য সংগ্রহের দায়িত্ব পালন করছেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছিলেন।

২০১৫ সালের ৭ জুন বনানী ডিওএইচএস থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি কম্পিউটার সিপিইউ, তিনটি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন, একটি পাসপোর্ট, তার ফেইসবুকের বন্ধুতালিকা ও আইএস সম্পর্কিত বিভিন্ন বইয়ের প্রথম পাতার স্ক্রিনশট জব্দ করা হয় বলে পরদিন পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

পরে ২০১৫ সালের ১৮ জুন রাজধানীর উত্তরা পশ্চিম থানা এবং ১২ জুলাই সেনানিবাস থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.