Sylhet Today 24 PRINT

একদিনের সফরে ২৯ আগস্ট ঢাকা আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৪ আগস্ট, ২০১৬

আগামী ২৯ আগস্ট একদিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। জন কেরির ঢাকা সফরের ব্যাপার নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।

তিনি বলেন, “হ্যাঁ। তিনি আসছেন ২৯ অগাস্ট। অনেক দিন ধরে তার আসার কথা ছিল। তিনি আসছেন; আমরা আনন্দিত।”

এই সফরে দুই দেশের সম্পর্ককে আরও গভীর এবং পরস্পরের প্রতি আরও বিশ্বাস বাড়ানোর প্রয়াস থাকবে বলে জানান মাহমুদ আলী।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এটি একটি অফিসিয়াল সফর এবং পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে জন কেরির আনুষ্ঠানিক বৈঠক হবে।এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও কেরি সৌজন্য সাক্ষাৎ করবেন।


গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২০ জিম্মি নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।

সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলে প্রেসিডেন্ট ওবামার পক্ষ থেকে শেখ হাসিনাকে বলেছিলেন তিনি।

২০১১ সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন ঢাকা সফর করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.