সিলেটটুডে ডেস্ক | ২৪ আগস্ট, ২০১৬
বাংলাদেশ থেকে সিঙ্গাপুরগামী রিজেন্ট এয়ারের একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। বুধবার (২৪ আগস্ট) সকাল ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় নোজ হুইলে আগুন লেগে যায়।
দুর্ঘটনার পর ইমারজেন্সি দরজা দিয়ে যাত্রীদের তড়িঘড়ি বের করে আনার সময় রোজি ইসলাম নামে এক যাত্রী আহত হয়েছেন। সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন শাহজালাল বিমানবন্দরের পরিচালক জাকির হাসান।
এ দুর্ঘটনার ফলে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে বেলা পৌনে ১২টা থেকে প্রায় ১ ঘণ্টা বিমান চলাচল বন্ধ ছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিমনাটি উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে নোজ হুইলে সমস্যা দেখা দেয়। এছাড়া বিমানটির পেছনের অংশের ডান দিকে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। দুর্ঘটনা কবলিত বিমানটির উড্ডয়ন তাত্ক্ষণিক বাতিল করা হয়। পরে বিমান বাহিনীর দমকল ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মেম্বার অপারেশন অ্যান্ড প্লানিং মোস্তাফিজুর রহমান জানান, ‘রিজেন্ট এয়ারের একটি বিমান উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে নোজ হুইলে সমস্যা দেখা দেয়। উড্ডয়ন বাতিল করে পাইলট বিমানটিকে রানওয়ের ওপর দাঁড় করান। এ বিষয়টি তদন্ত করা হবে বলে জানান তিনি।’