সিলেটটুডে ডেস্ক | ২৪ আগস্ট, ২০১৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা থেকে হিজবুত তাহরীর সন্দেহে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আটক শিক্ষার্থীর নাম সুলতান আহমেদ। তিনি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়। আটকের পর দুপুরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, সকাল পৌনে ৮টার দিকে ৪-৫ জনের একটি দল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে প্রবেশ করে। অপরিচিত হওয়ায় বিভাগের শিক্ষার্থীরা তাদের পরিচয় জানতে চান। পরিচয় না দিয়ে উল্টো শিক্ষার্থীদের উদ্দেশে ইসলাম সম্পর্কে ভ্রান্ত বক্তব্য দিতে থাকেন সুলতান।
এক পর্যায়ে রসায়ন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে তর্কে লিপ্ত হয় সুলতানদের দলটি। পরে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে সবাই পালিয়ে যেতে সক্ষম হলেও সুলতান আহমেদ ধরা পড়ে। তাকে বিভাগীয় অফিসে নিয়ে প্রক্টর অফিসে খবর দেয়া হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে শাহাবাগ থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আফতাব আলী শেখ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে হিজবুত তাহরীরের সদস্য। থানায় সোপর্দ করা হয়েছে সেখানে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আটকের পর তাকে থানায় দিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হুচ্ছে।