Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী মুহিতুল আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ২৫ আগস্ট, ২০১৬

বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী আ. ফ. ম. মুহিতুল ইসলাম  আর নেই। চিকিৎসাধীন অবস্থায় আজ (২৫ আগস্ট) বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে তার মৃত্যু হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ট্রেজারার অধ্যাপক মো. আলী আজগর মোড়ল। ৬৩ বছর বয়সী মুহিতুল কিডনির সমস্যা নিয়ে গত মাসে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।

চিকিৎসকরা জানিয়েছিলেন, তার কিডনি প্রায় অকেজো ছিল, ঘনঘন ডায়ালাইসিস করা হচ্ছিল। তার ফুসফুসের সংক্রমণও বেশ মারাত্মক। মস্তিষ্কও ভালোভাবে কাজ করছিল না। মুহিতুল ইসলাম জন্য মেডিকেল বোর্ডে গঠন করে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দিয়েও চিকিৎসকরা ভরসা পাচ্ছিলেন না। সঙ্কটাপন্ন হওয়ায় তাকে বিদেশেও নেওয়া যায়নি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি থাকার সময় তার রিসিপসনিস্ট কাম রেসিডেন্ট পিএ ছিলেন মুহিতুল। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় তিনি ধানমণ্ডির ওই বাড়িতেই ছিলেন।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের বাধা কেটে যাওয়ার পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় মামলা করেন মুহিতুল। বিচার প্রক্রিয়া শেষে পাঁচ আসামির মৃত্যুদণ্ড ইতোমধ্যে কার্যকর হয়েছে। তবে এই মামলায় দণ্ডিত বেশ কয়েকজন এখনও পলাতক রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.