Sylhet Today 24 PRINT

ভারতে আটক ৬২ বাংলাদেশি জেলেকে ফেরত এনেছে নৌবাহিনী

সিলেটটুডে ডেস্ক |  ২৫ আগস্ট, ২০১৬

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার পর ভারতের জলসীমা থেকে উদ্ধার হওয়া ৬২ জেলেকে ফিরিয়ে দিয়েছে ভারতীয় কোস্ট গার্ড।

বৃহস্পতিবার ভারতীয় কোস্ট গার্ডের ফ্রাজেরগঞ্জ ঘাটি থেকে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ 'প্রত্যয়' ও 'কপোতাক্ষ' ৬২ জেলে এবং দুটি ফিশিং ট্রলার ‘আল্লাহর দান’ ও ‘ফরহাদ’কে ফিরিয়ে এনেছে। বিকেল ৩টার দিকে জেলে এবং ট্রলার দুটিকে সুন্দরবনের হিরণ পয়েন্টের উপকূলে বাংলাদেশ কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়।

বাংলাদেশ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরও দুটি ফিশিং ট্রলার 'মা গঙ্গা' ও 'নাহিন' চারজন জেলেসহ মেরামতের জন্য বর্তমানে ভারতে অবস্থান করছে। ট্রলার দুটি মেরামত শেষে চার জেলেকে দেশে ফিরিয়ে আনা হবে।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট যান্ত্রিক জটিলতার কারণে ঝড়ের কবলে পড়ে ভারতীয় সীমানায় ঢুকে পড়ে চারটি মাছ ধরা ট্রলার। পরে ভারতীয় জেলেরা তাদের উদ্ধার করে সেদেশের কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করে। জেলেরা ভারতীয় কোস্টগার্ডের ঘাঁটি ফ্রাজেরগঞ্জে অবস্থান করছিল। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। তাছাড়া ট্রলারগুলোর প্রয়োজনীয় মেরামতসহ সার্বিক সহযোগিতা প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.