Sylhet Today 24 PRINT

রামপাল নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৬ আগস্ট, ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়ে সংবাদ সম্মেলন করবেন শনিবার। ওইদিন বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল এ তথ্য জানিয়েছেন।

সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরুদ্ধে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটিসহ বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন-প্রতিবাদ করছে। এসব আন্দোলনের কর্মসূচিতে সম্প্রতি বিএনপি সমর্থন জানিয়েছে।

ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে রামপালে যে তাপ বিদ্যুৎকেন্দ্র হচ্ছে, তা বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের ক্ষতি হবে বলে আশঙ্কা পরিবেশবাদীদের একাংশ ও বাম দলগুলোর।

গত ২০ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন শেষে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আগামী ২৩ নভেম্বর পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়ে ২৪ নভেম্বর থেকে ‘চল চল ঢাকা চল’ এবং ২৬ নভেম্বর ঢাকায় ‘মহাসমাবেশের’ কর্মসূচি ঘোষণা করে। দাবি আদায়ে এই নাগরিক সংগঠনটি এর আগে রামপাল অভিমুখে পদযাত্রা কর্মসূচিও পালন করেছিলো।

এছাড়া গত বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রকল্পটি ‘দেশবিরোধী’ উল্লেখ করে তা বাতিলের দাবি জানান। প্রকল্পটি সুন্দরবনের কাছ থেকে অন্য এলাকায় সরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.