Sylhet Today 24 PRINT

ফারাক্কার গেট খুলে দিয়েছে ভারত, বিপজ্জনক হারে বাড়ছে পদ্মার পানি

সিলেটটুডে ডেস্ক |  ২৬ আগস্ট, ২০১৬

ফাইল ছবি

ভারত ফারাক্কা বাঁধের গেট খুলে দেয়ায় হার্ডিঞ্জ সেতু এলাকায় পদ্মা নদীর পানি বাড়ছে বিপজ্জনক গতিতে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড।

পাউবো জানিয়েছে, ভারতের বিহার রাজ্যে প্রবল বৃষ্টির কারণে ফারাক্কা বাঁধের গেট খুলে দিয়েছে দেশটি। সেই গেট দিয়ে প্রবেশ করা পানির কারণে পদ্মার পানিও বাড়ছে।

পাউবো সূত্রে জানা গেছে, পদ্মা নদীতে পানির বিপৎসীমা হচ্ছে ১৪ দশমিক ২৫ সেন্টিমিটার। আজ (শুক্রবার) দুপুর ১২টার দিকে পানি প্রবাহিত হচ্ছে ১৪ দশমিক ০৬ সেন্টিমিটার। পানি এখন বিপৎসীমা থেকে মাত্র পয়েন্ট ১৯ সেন্টিমিটার দূরে।

পাউবো জানায়, প্রতি তিন ঘণ্টায় ২ সেন্টিমিটার করে পানি বাড়ছে পদ্মায়। কুষ্টিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী নৈমূল হক বলেন, ''যে গতিতে পানি বাড়ছে, এতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পদ্মা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করবে। ভারতের বিহার রাজ্যে প্রবল বৃষ্টি হচ্ছে। ভারত তাদের ফারাক্কা বাঁধের দরজা খুলে দিয়েছে। এসব কারণে পদ্মায় পানি বেড়ে যাচ্ছে।''

জানা গেছে, গত ১৮ আগস্ট পদ্মায় পানির মাত্রা ছিল ১৩ দশমিক ৩২ সেন্টিমিটার, ১৯ আগস্ট ছিল ১৩ দশমিক ৪০ সেন্টিমিটার আর ২৫ আগস্ট ছিল ১৩ দশমিক ৯০ সেন্টিমিটার। পদ্মার পানি বাড়ার সঙ্গে সঙ্গে এর প্রধান শাখা গড়াই নদেও অব্যাহতভাবে পানি বাড়ছে।

পদ্মা নদী ও গড়াই নদের গুরুত্বপূর্ণ এলাকা ও বাঁধগুলোতে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে পাউবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.