Sylhet Today 24 PRINT

সোমবার ভোর ৬ টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল

নিউজ ডেস্ক |  ২৯ মার্চ, ২০১৫

 চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি আগামীকাল সোমবার ভোর ৬ টা থেকে বুধবার ভোর ৬ টা পর্যন্ত দেশব্যাপী শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০দলীয় জোট।

রোববার (২৯ মার্চ’২০১৫) বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুর পাঠানো বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

তবে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে হরতাল কর্মসূচি কেবলমাত্র ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর আওতামুক্ত রাখা হয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, বিএনপি’র অন্যতম যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ বিরোধী দলের গুমকৃত অন্যান্য নেতা-কর্মীদের অবিলম্বে তাদের পরিবারের নিকট অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবিতে, অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে চলমান অবরোধের পাশাপাশি ২০ দলীয় জোটের উদ্যোগে এ কর্মসূচি পালিত হবে। 

৪৮ ঘন্টার এ হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে বিএনপি এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীকে ২০ দলীয় জোট নেতা খালেদা জিয়ার পক্ষ থেকে উদ্বাত্ত আহবান জানানো হয় বিবৃতিতে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.