সিলেটটুডে ডেস্ক | ২৬ আগস্ট, ২০১৬
নতুন হল নির্মাণের দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা আগামী রবি ও সোমবার ফের ধর্মঘটের ডাক দিয়েছে। সোমবারের মধ্যে দাবি পূরণে সরকারের আশ্বাস না পেলে পুরান ঢাকায় হরতালের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংহতি সমাবেশ শেষে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও কুমিল্লাসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়াও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ঢাকা বিশ্বদ্যিালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, শিক্ষাবিদ অধ্যাপক এ এন রাশেদা, মানবাধিকার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার সুশান্ত সিনহা, জবির হল আন্দোলনের নেতৃত্বকারী সাবেক শিক্ষার্থী বকুল মুন্সীসহ জবির সাবেক শিক্ষার্থীরা।
রোবায়েত ফেরদৌস বলেন, 'পাবলিক বিশ্ববিদ্যালয়ে হল নেই এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এটা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক।' জবি শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি বলেন, প্রশাসনের উচিত শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে শিগগিরই হল নির্মাণের ব্যবস্থা করা।
ইমরান এইচ সরকার বলেন, 'শিক্ষার্থীদের হলের আন্দোলন একেবারেই যৌক্তিক।' জবি শিক্ষার্থীদের দুর্ভোগের কথা মাথায় রেখে সরকারকে শিগগিরই হল নির্মাণের কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। এছাড়াও হল নির্মাণের আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার পরামর্শ দেন ইমরান।
সমাবেশ শেষে সংবাদ সম্মেলন জবির লোকপ্রশাসন বিভাগের আন্দোলনরত শিক্ষার্থী মাহিদুল ইসলাম মাহি দাবি পূরণের লক্ষে রোববার ও সোমবার ক্যাম্পাসে পূর্ণ দিবস ধর্মঘট পালনের আহ্বান জানান। এছাড়া ওই দিন পুরান ঢাকার নয়াবাজার মোড়ে অবস্থান নেবে শিক্ষার্থীরা। সোমবারের মধ্যে দাবি পূরণে সরকারের পক্ষ থেকে আশ্বাস না পেলে পুরান ঢাকায় হরতালের মতো কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে জবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তিন হাজারের অধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীরা হলের দাবিতে বিভিন্ন স্লোগান সম্বলিত পোস্টার নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অবস্থান নেন। সমাবেশে জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ শতাধিক নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের জমিতে হল নির্মাণের দাবিতে গত ২ আগস্ট থেকে আন্দোলন করছে জবি শিক্ষার্থীরা। একই দাবিতে গত সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে শিক্ষার্থীদের পদযাত্রা পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ার পাশাপাশি জলকামান ব্যবহার করে পুলিশ। এতে শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হন। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুরান ঢাকার তাঁতিবাজার মোড়ে সড়ক অবরোধ করেন।