Sylhet Today 24 PRINT

বাংলাদেশি শ্রমিক নিতে চায় আমিরাত

সিলেটটুডে ডেস্ক  |  ২৭ আগস্ট, ২০১৬

বাংলাদেশ থেকে দক্ষ নির্মাণ শ্রমিক নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে আরব আমিরাত।

শুক্রবার শ্রীলংকায় কলম্বো প্রসেসের পঞ্চম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। সেখানে তিনি আমিরাতের মানবসম্পদমন্ত্রী অ্যালেক্স জামামির সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন। ওই বৈঠকে আমিরাতের মন্ত্রী বাংলাদেশী শ্রমিক নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীলংকায় কলম্বো প্রসেসের ওই সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বিশ্বব্যাপী বাংলাদেশী শ্রমিকদের গুরুত্ব তুলে ধরেন।

সম্মেলনের একপর্যায়ে তিনি আমিরাতের মন্ত্রীর সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করেন। সেখানে নুরুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকার দক্ষ শ্রমিক গড়ে তুলতে কাজ করছে। বাংলাদেশী শ্রমিকরা বিশ্বব্যাপী ভূমিকা রাখতে চায়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বৈঠকে প্রবাসীকল্যাণমন্ত্রী জানান, আমিরাতে শ্রমিক পাঠানোর আগে নির্মাণ শ্রমিকদের দক্ষ করেই পাঠানো হবে। এ বিষয়ে আমিরাতের সঙ্গে আলোচনা করা হবে। আমিরাত গত ডিসেম্বরে বাংলাদেশে একটি ভিসা অফিস খুলেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কলম্বোতে শুক্রবার শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী থালাথা আথুকোরালা ও আন্তর্জাতিক অভিবাসী সংস্থার ডিজি উইলিয়া লেসি সুইংয়ের সঙ্গেও বৈঠক করেন প্রবাসীকল্যাণমন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.