Sylhet Today 24 PRINT

‘তামিম চৌধুরীর চ্যাপ্টার এখানেই শেষ’

সিলেটটুডে ডেস্ক |  ২৭ আগস্ট, ২০১৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নারায়ণগঞ্জের পাইকপাড়ায় কাউন্টার টেরোরিজম অভিযান হিট স্ট্রং-২৭ এ সাম্প্রতিক সকল জঙ্গি হামলার হোতা তামিম চৌধুরী নিহত হয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, তামিম চৌধুরীর চ্যাপ্টার এখানেই শেষ।

শনিবার সকালে ওই অভিযানে তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হন। এর পর দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা গিয়েছিলো তামিম চৌধুরী নারায়ণগঞ্জের পাইকপাড়ায় রয়েছে। তার ভিত্তিতেই সোয়াটবাহিনীসহ এই অভিযান পরিচালনা করা হয়।

স্বরাষ্টমন্ত্রী বলেন, গুলশান হামলার পেছনে ছিলেন তামিম চৌধুরী। ওই হামলার পরিকল্পনা তার, অর্থায়নও করেছিলেন। তিনি কানাডিয়ার নাগরিক। সারা পৃথিবীতে নাশকতা কিরে বেড়াচ্ছিলেন তিনি।

তিনি জানান, আমাদের গোয়েন্দাদের কাছে খবর ছিল, তামিম চৌধুরী এ বাড়িটিতে আত্মগোপন করে আছেন। গোপন ওই সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে রাত তিনটার দিকে বাড়িটি ঘেরাও করে রাখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সকালে সোয়াট টিম আসার পর অভিযান শুরু হয়। এর আগে সারা রাতই পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ও গুলি ছোড়ে তারা। আক্রান্ত হয়েও আমাদের বাহিনীগুলো ধৈর্যের পরিচয় দিয়েছে। পরবর্তীতে সকালে ফায়ার ওপেন করেছে। 

নিহত বাকি দু’জনের পরিচয় তদন্তের মাধ্যমে জানা যাবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমাদের কাছে খবর আছে, তারা তামিমের গুরুত্বপূর্ণ সহযোগী।

কামাল বলেন, আমাদের গোয়েন্দা বাহিনী তৎপর, খোঁজ না নিয়ে, নিশ্চিত না হয়ে আমরা এগোই না।

জঙ্গিদের বিষয়ে তিনি বলেন, ‘এরা সংখ্যায় অল্প, জনবিচ্ছিন্ন। জনগণ এদের সমর্থন দেয় না। আমাদের গোয়েন্দারা কাজ করছেন। বাকি অল্প সংখ্যক যারা আছে, তাদেরকেও আমরা ধরে ফেলবো’।

বাংলার জনগণ এদের পছন্দ করে না, সরকারও এদের প্রশ্রয় দেবে না, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.