Sylhet Today 24 PRINT

চালু হতে যাচ্ছে খুলনা-কলকাতা বাস সার্ভিস

সিলেটটুডে ডেস্ক |  ২৭ আগস্ট, ২০১৬

ভারত-বাংলাদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থার আরো উন্নতির লক্ষ্যে ঢাকা-কলকাতার পর এবার খুলনা-কলকাতা রুটেও বাস সার্ভিস চালু হতে যাচ্ছে। আগামী ৩০ আগস্ট পরীক্ষামূলকভাবে এই রুটে বাস চলাচল শুরু হবে। পরে বাণিজ্যিকভাবে বাস সার্ভিস চালু হবে।

পশ্চিমবঙ্গের পরিবহন সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী ৩০ আগস্ট কলকাতার রুবি জেনারেল হাসপাতালের সামনে থেকে ভারতীয় সময় দুপুর সাড়ে ১২টায় খুলনা-কলকাতা রুটে বাস সার্ভিস উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। যশোর হয়ে এই রুটে বাস চালাবে ভারতের ভূতল পরিবহন নিগম। এ ছাড়া একই দিন পরীক্ষামূলকভাবে ঢাকা-দিল্লি ভায়া কলকাতা রুটে পণ্যবাহী গাড়ি চলাচলের শুরু করবে বাংলাদেশ। এজন্য দুই দেশের মধ্যেই প্রাথমিক তোড়জোড় শুরু হয়েছে।

বাংলাদেশ-ভারতের মধ্যে রেল ও সড়ক যোগাযোগের পর নৌপথে যাত্রীবাহী নৌযান সার্ভিস চালু হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। ৫০ আসনবিশিষ্ট নৌযান দেশ দুটির মধ্যে চলাচল করবে বলে জানা গেছে।

আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, শিগগিরই বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রীবাহী নৌযান সার্ভিস শুরু হবে। পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে যাতায়াতের জন্য নৌযান চলাচলের সিদ্ধান্ত একপ্রকার চূড়ান্ত হতে যাচ্ছে। আগামী বছরের ডিসেম্বর নাগাদ এই সার্ভিস চালু হতে পারে।

পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নৌপথকে জনপ্রিয় করার লক্ষ্যে একাধিক পরিকল্পনা ও উদ্যোগ নেওয়ার কাজ শুরু হয়েছে। এই লক্ষ্যে দুই দেশের মধ্যে সরকারি কর্মকর্তাদের মধ্যে চূড়ান্ত আলোচনা প্রায় শেষ পর্যায়ে।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বাংলাদেশ-ভারতের মধ্যে নৌযান চলাচলের ক্ষেত্রে কোন বন্দর ব্যবহার করা হবে, নাবিকরা কোথায় থাকবেন এবং যাত্রীদের চেকিংয়ের জন্য শুল্ক ব্যবস্থা কোথায় কীভাবে করা হবে—এসব বিষয় নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.