সিলেটটুডে ডেস্ক | ২৭ আগস্ট, ২০১৬
নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অভিযান চালানো বাড়িটির মালিক নূর উদ্দিন দেওয়ান ও তাঁর স্ত্রী-ছেলেসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে পাঁচটার দিকে তাদেরকে একটি সাদা মাইক্রোবাসে করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
নারায়ণগঞ্জের বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন সাংবাদিকদের বলেন, মালিক নূর উদ্দিন ছাড়াও তাঁর স্ত্রী ও তিন ছেলেকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
আজ শনিবার সকালে পাইকপাড়ার বড় কবরস্থান এলাকায় নূর উদ্দিনের তিনতলা বাড়িটি ঘিরে জঙ্গিবিরোধী অভিযান শুরু করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিট। তাদের সঙ্গে যোগ দেয় সোয়াট। সহযোগিতা করে র্যাব-১১ ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ। অভিযানে তিন জঙ্গি নিহত হয়। তাঁদের মধ্যে একজন গুলশানে জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারী তামিম চৌধুরী বলে পুলিশ জানিয়েছে।