Sylhet Today 24 PRINT

বখাটের ছুরিকাঘাতে আহত রিশা মারা গেছে

সিলেটটুডে ডেস্ক |  ২৮ আগস্ট, ২০১৬

রাজধানীর কাকরাইলে বখাটের ছুরিকাঘাতে আহত স্কুলছাত্রী সুরাইয়া আক্তার রিশার (১৪) মৃত্যু হয়েছে।

রোববার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

রিশা রাজধানীর কাকরাইলে অবস্থিত উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী ছিল। সে কাকরাইল এলাকার রমজান হোসেনের মেয়ে। ২ বোন এক ভাইয়ের মধ্যে রিশা সবার বড়।

বুধবার দুপুরে রিশাকে স্কুলের সামনের ফুটওভারব্রিজে ছুরিকাঘাত করে বখাটে ওবায়দুল্লাহ। এ ঘটনায় বুধবার রাতে তার বিরুদ্ধে মামলা করেন রিশার মা তানিয়া হোসেন। ঘটনার পর রক্তক্ষরণে দুর্বল ও অচেতন হয়ে পড়ে রিশা। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়।

রিশার বাবা রমজান হোসেন বলেন, বখাটে ওবায়দুল্লাহ প্রায়ই তার মেয়েকে উত্ত্যক্ত করতো। সে কিছুদিন ধরে বাসার সামনে এসে ঘোরাফেরা করতো।

ঘাতক ওবায়দুল্লাহকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.