সিলেটটুডে ডেস্ক | ২৮ আগস্ট, ২০১৬
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ প্রায় ৫০ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
রোববার (২৮ আগস্ট) সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ভোর ৬টায় কাতার থেকে আসা কিউআর-৬৩৪ ফ্লাইটে মোহাম্মদ মামুন উদ্দিন নামে এক যাত্রী বিমানবন্দরে আসে। পরে বেল্ট এরিয়া থেকে ১৫৩ কার্টনের দু’টি ব্যাগ জব্দ করা হয়।
অপরদিকে একই সময়ে কুয়েত থেকে কিইউ-০৬৭২ ফ্লাইট আসে। ফ্লাইটের যাত্রীরা বেল্ট এরিয়ায় ফেলে যাওয়া ১২টি ব্যাগ জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর কর্মকর্তারা।
প্রথম ফ্লাইটে ১৫৩ কার্টনে ৩০ হাজার ৬০০ শলাকা এবং দ্বিতীয় ফ্লাইটে ১২ ব্যাগ থেকে ১ লাখ ৪০ হাজার ৮০০ শলাকাসহ মোট ১ লাখ ৭১ হাজার ৪০০ শলাকা সিগারেট জব্দ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।