Sylhet Today 24 PRINT

প্রকাশনায় বন্ধ, তবু প্রচারে অন্যতম শীর্ষে আমার দেশ!

সিলেটটুডে ডেস্ক |  ৩০ মার্চ, ২০১৫

রোববার সংসদে এক অদ্ভূতুড়ে তথ্য জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। যে আমার দেশ পত্রিকা দীর্ঘদিন ধরে প্রকাশনা বন্ধ রয়েছে সেটিই নাকি রয়েছে প্রচারের শীর্ঘ দিকে। প্রকা্শনা বন্ধ থাকা আরেক দৈনিক 'বর্তমান'ও প্রচারে এগিয়ে আছে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী। মন্ত্রীর এমন অদ্ভূত তথ্যে বিস্ময় প্রকাশ করেছেন খোদ সাংসদরা।

রোববার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে এম এ মালেকের তারকা চিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর পক্ষে এ তথ্য জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

মন্ত্রী জানান, জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বর্তমানে দেশে পত্রিকা এক হাজার ৯৬৭টি।তবে তথ্য মন্ত্রণালয়ের অধীন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক মিডিয়া তালিকাভূক্ত পত্রিকা ৫০৪টি।

মন্ত্রণালয়ের তালিকাভূক্তির সরণী থেকে দেখা যায়, প্রচারের দিক থেকে মিডিয়া তালিকাভূক্ত সর্বাধিক প্রকাশিত পত্রিকার তালিকার শীর্ষে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে দৈনিক প্রথম আলো এবং দৈনিক কালের কণ্ঠ। এর পরেই রয়েছে দৈনিক আমার দেশ।

অন্যদিকে ১২তম অবস্থানে রয়েছে সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া দৈনিক বর্তমান পত্রিকাটি।

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রীর পক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুসারে সারা দেশ থেকে প্রকাশিত পত্রপত্রিকার পরিসংখ্যান তুলে ধরেন। এতে দেখা যায়, ঢাকা এবং মফস্বল মিলিয়ে মোট দৈনিক পত্রিকার সংখ্যা ৯০২টি, সাপ্তাহিক ৭৭৮টি, পাক্ষিক ১০২টি, মাসিক ১৬৮টি, দ্বিমাসিক ৩টি, ত্রৈমাসিক ১১টি, ষান্মাসিক ২টি, বার্ষিক ১টি।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.