সিলেটটুডে ডেস্ক | ২৮ আগস্ট, ২০১৬
বাংলা ভাষার বর্তমান সময়ের অন্যতম প্রধান কবি শহীদ কাদরী আর নেই।
নিউ ইয়র্কের নর্থ শোর বিশ্ববিদ্যালয় হাসপাতালে রোববার (২৮ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে কবিপত্নী নীরা কাদরী জানিয়েছেন।
কবির বয়স হয়েছিল ৭৪ বছর। উচ্চ রক্তচাপ এবং জ্বর নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় সাত দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
গত ১৪ আগস্ট একুশে পদকপ্রাপ্ত শহীদ কাদরীর ৭৪ তম জন্মদিন ছিল। সেদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত জ্যামাইকার নিজ বাসভবনে ভক্ত-অনুরাগীরা কবিকে ফুল দিয়ে, গান গেয়ে ভালোবাসায় সিক্ত করেন।
কবি শহীদ কাদরীর জন্ম ১৯৪২ সালের ১৪ আগস্ট। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো উত্তরাধিকার (১৯৬৭), তোমাকে অভিবাদন প্রিয়তমা (১৯৭৪), কোথাও কোনো ক্রন্দন নেই ও আমার চুম্বনগুলো পৌঁছে দাও (২০০৯)।