সিলেটটুডে ডেস্ক | ২৮ আগস্ট, ২০১৬
জঙ্গিবিরোধী অভিযান সম্পর্কে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের নিন্দা জানিয়ে রোববার বিবৃতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার জন্মোষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময়কালে খালেদা জিয়া বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় পুলিশের চলমান জঙ্গিবিরোধী অভিযান নিয়ে নানা সমালোচনা করেন।
তিনি বলেন, 'সরকারের নানা অপকর্ম থেকে জনগণের দৃষ্টি সরাতেই এখন শুরু হয়েছে জঙ্গিবিরোধী অভিযান। কিছুদিন আগে গুলশানের হলি আর্টিসান বেকারিতে ঘটনা ঘটল, এটিরও তদন্তে সে রকম অগ্রগতি হয়নি। কোনো কিছুই জনগণের কাছে পরিষ্কার নয়। এটা যেতে না যেতেই কিছুদিন পর দেখা গেল আরেকটা ঘটনা কল্যাণপুরে। সেটার ছবি পত্রপত্রিকায় দেখেছেন। যারা মারা গেল তারা সবাই এক বয়সের। এতেই বোঝা যায়, এটা সাজানো ঘটনা। তারা সত্যিকারের জঙ্গি হলে তাদের জীবিত ধরা হলো না কেন? জীবিত ধরা হলে সত্যিকারের তথ্য পাওয়া যেত তাদের কাছ থেকে।'
খালেদা জিয়ার এমন বক্তব্যের প্রতিবাদে ডিএমপির বিবৃতিতে বলা হয়, 'হলি আর্টিসান বেকারিতে জঙ্গিদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আত্মোৎসর্গ করেছেন ও ২০ জন দেশি-বিদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় যৌথ বাহিনীর সফল অভিযানে সব জঙ্গি নিহত হয় ও ৩২ জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়।'
বিবৃতি বলা হয়, 'গুলশান, কল্যাণপুর ও নারায়ণগঞ্জে তিনটি অভিযান দিনের আলোতে সংঘটিত হয়েছে। অভিযানের কার্যক্রম স্থানীয় জনগণ সরাসরি দেখেছে। জনগণের জানমাল রক্ষায় পুলিশ বাহিনীর সদস্যরা তাদের পেশাদারি দায়িত্ব পালন করতে গিয়ে যেখানে আত্মোৎসর্গ করেছেন,সেখানে বিএনপি চেয়ারপারসনের মতো দায়িত্বশীল একজন নাগরিকের কাছ থেকে এ ধরনের বক্তব্য শুধু পুলিশকেই নয়;বরং সমগ্র জাতিকে হতাশ করেছে। যেখানে নিহত জঙ্গিদের পরিবার ও স্বজনরা তাদের জঙ্গি সম্পৃকতার নিন্দা জানিয়ে লাশ গ্রহণে অসম্মতি জ্ঞাপন করছে,সেখানে এমন শতভাগ সফল অভিযান সম্পর্কে মনগড়া,বানোয়াট তথ্য দিয়ে অভিযানকে প্রশ্নবিদ্ধ করা জঙ্গিদের কার্যক্রমকে সহায়তা তথা আশ্রয়-প্রশ্রয়ের শামিল।'
বিএনপি চেয়ারপারসনের এ ধরনের 'উদ্দেশ্যপ্রণোদিত' বক্তব্যের তীব্র নিন্দা জানায় ডিএমপি।