সিলেটটুডে ডেস্ক | ২৯ আগস্ট, ২০১৬
জেলা পরিষদ (সংশোধন) আইন-২০১৬ চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আজ সোমবার (২৯ আগস্ট) এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকের পর দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি জানান, নির্বাচকমণ্ডলীর মাধ্যমে জেলা পরিষদ গঠন করা হবে। জেলা পরিষদে একজন চেয়ারম্যান, ১৫ জন সদস্য ও পাঁচজন সংরক্ষিত সদস্য থাকবেন।
সচিব আরও জানান, স্থানীয় পর্যায়ের সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত সব প্রতিনিধির সমন্বয়ে ইলেকটোরাল কলেজ গঠিত হবে। এই কলেজই ২১ সদস্যের প্রতিনিধি নির্বাচিত করবে। নির্বাচন কমিশন এ নির্বাচন পরিচালনা করবে। নির্বাচনী আচরণবিধি কেউ লঙ্ঘন করলে ছয় মাস জেল বা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া যাবে। আগে এই আইনে সর্বোচ্চ সাত বছর জেল ছিল। খুব শিগগির এই সংশোধনী অধ্যাদেশ আকারে জারি করা হবে বলেও জানান তিনি।