Sylhet Today 24 PRINT

সুন্দরবন রক্ষার আন্দোলনে বিএনপিকে সঙ্গে নেবে না জাতীয় কমিটি

সিলেটটুডে ডেস্ক |  ২৯ আগস্ট, ২০১৬

রামপাল তাপবিদ্যুৎ প্রকল্প বাতিল ও সুন্দরবন রক্ষার আন্দোলনে বিএনপিকে সঙ্গে নেবে না বলে ঘোষণা দিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সদস্য সচিব আনু মুহাম্মদ এসব জানিয়েছেন।

রামপাল প্রকল্প বাতিল না হওয়া পর্যন্ত দুর্বার আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। তিনি বলেন, গণজাগরণ সৃষ্টি করে আন্দোলনকে আরো বেগবান করা হবে।

সংবাদ সম্মেলনে আনু মুহাম্মদ বলেন, ১০ বছর আগে যখন বিএনপি-জামায়াত সরকার দিনাজপুরের ফুলবাড়ীতে গুলি চালিয়েছিল, সাধারণ মানুষ তখন ব্যাপক গণজাগরণ তৈরি করেছিল। আওয়ামী লীগ সেই আন্দোলনে সমর্থন দিয়েছিল। সে সময় বর্তমান সরকারের মতোই তৎকালীন সরকার ‘থলের বিড়াল তত্ত্ব’ হাজির করেছিল। আন্দোলন নিয়ে নানা কুৎসা রচনা করেছিল।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আন্দোলনের প্রতি কটাক্ষ করে প্রশ্ন তুলেছেন, এত আন্দোলনের খরচ কে জোগান দেয়? প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যখন আমাদের ফুলবাড়ী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন, তখন আমরা যেভাবে খরচ জোগাড় করতাম, এখনো সেভাবেই জোগাই।

তিনি বলেন, অসংখ্য মানুষের ঘাম-শ্রমে এই আন্দোলন গড়ে উঠেছে। ক্ষমতায় থাকা বড় দলগুলোর মতো আমাদের আন্দোলন টাকার ওপর ভর করে না। কারও পৃষ্ঠপোষকতার তোয়াক্কা করে না। আপনাদের কাছে এগুলো অবিশ্বাস্য মনে হবে।

সংবাদ সম্মেলনে জ্বালানি বিশেষজ্ঞ বি ডি রহমতউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিম উদ্দিন খান, মোসাহেদা সুলতানা, নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ ও বাংলাদেশের বিভিন্ন বাম রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.