Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুর আদর্শেই এগিয়ে যাচ্ছে দেশ: কেরি

সিলেটটুডে ডেস্ক |  ২৯ আগস্ট, ২০১৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের পথে তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে একসঙ্গে কাজ করতে চায় বলেও জানান তিনি। সোমবার (২৯ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে গিয়ে দর্শনার্থী বইয়ে জন কেরি এ মন্তব্য লেখেন।

এক দিনের বাংলাদেশ সফরে এসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আজ বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান। সেখানে পৌঁছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর জাদুঘর পরিদর্শন করেন।

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও বঙ্গবন্ধুর নাতি রেদওয়ান মুজিব সিদ্দিক জন কেরিকে জাদুঘরে স্বাগত জানান।

জন কেরি প্রায় ৪০ মিনিট সেখানে অবস্থান করে জাদুঘর ঘুরে দেখেন। এ সময় দর্শনার্থী বইয়েও স্বাক্ষর করেন তিনি। সেখানে বঙ্গবন্ধু ও তাঁর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে কিছু কথাও লেখেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

দর্শনার্থী বইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উদ্দেশ্য করে জন কেরি লেখেন, ‘একটি সহিংস ও কাপুরুষোচিত ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছ থেকে সাহসী ও উজ্জ্বল এক নেতৃত্বকে কেড়ে নেওয়া হয়। কিন্তু এখন বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের পথে তাঁরই কন্যা শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র বন্ধু হতে পেতে গর্বিত এবং তাঁর সেই স্বপ্ন পূরণে দৃঢ় সমর্থক। আমরা শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে একসঙ্গে কাজ করতে চাই।’

বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার কার্যালয়ে যান কেরি। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ও ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ জ‌্যেষ্ঠ কর্মকর্তারা এ সময় তার সঙ্গে ছিলেন।

সন্ধ‌্যায় নয়াদিল্লীর পথে ঢাকা ছাড়ার আগে জন কেরি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন এবং ধানমন্ডির এডওয়ার্ড কেনেডি সেন্টারে এক অনুষ্ঠানে তরুণদের উদ্দেশে বক্তৃতা দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.