Sylhet Today 24 PRINT

'ওমেন ইন পার্লামেন্ট' পদক প্রধানমন্ত্রীকে হস্তান্তর

নিউজ ডেস্ক  |  ৩০ মার্চ, ২০১৫

রাজনীতিতে নারী-পুরুষের বৈষম্য কমানোর ক্ষেত্রে দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় নেতৃস্থানীয় ভূমিকা পালনের জন্য ‘ওমেন ইন পার্লামেন্ট’ আর্ন্তজাতিক পুরস্কার পেয়েছে বাংলাদেশ।

সোমবার (৩০ মার্চ) মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ পদক হস্তান্তর করেন।

গত ২৫ মার্চ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ডব্লিউআইপি সম্মেলনের শেষ দিনে এই পদক দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সেদিন পদক গ্রহণ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে পদকটি হস্তান্তর করেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।

জুরিখভিত্তিক ডব্লিউআইপি সারা বিশ্বের নারী সাংসদদের একটি সংগঠন। নারী সাংসদদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ার মধ্যে দিয়ে সামাজিক অগ্রগতির লক্ষ্যে এ সংগঠন গড়ে তোলা হয়েছে।
আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরে গত ২৩ মার্চ শুরু হয় ডব্লিউআইপি সম্মেলন।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্টের’ ওপর ভিত্তি করে রাজনীতিতে নারীর ক্ষমতায়ন ও নারী-পুরুষ বৈষম্য কমিয়ে আনতে ভূমিকা রাখা দেশগুলোকে ডব্লিউআইপি পুরস্কার দেওয়া হয় এই সম্মেলনে।

ইউরোপীয় ইউনিয়ন, ওইসিডি, জাতিসংঘ ও বিশ্ব ব্যাংক ডব্লিউআইপি সম্মেলন আয়োজনে সহযোগিতা দেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.