Sylhet Today 24 PRINT

ফেসবুকে ছবি দেখে ওবায়দুলকে চিনতে পারেন দুলাল

সিলেটটুডে ডেস্ক |  ৩১ আগস্ট, ২০১৬

ফেসবুক ও বিভিন্ন সংবাদপত্রে ছবি দেখে রাজধানী ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশার খুনী ওবায়দুলকে চিনতে পারেন দুলাল। ওবায়দুল নীলফামারীর ডোমারে বুধবার সকাল পৌনে ৮টার দিকে একটি হোটেলে বসে নাস্তা খাচ্ছিলেন। এসময় ওবায়দুলকে চিনতে পেরে পুলিশে খবর দেন দুলাল হোসেন। তাৎক্ষণিক এ খবর পেয়ে ওবায়দুলকে গ্রেফতার করে পুলিশ।  

ডোমারের হরিণচড়া গ্রামের দুলাল হোসেন (৪০) সাংবাদিকদের বলেন, ‘সকাল পৌনে ৮টার দিকে ওবায়দুলকে সোনারায় বাজারে রফিকুল ইসলামের হোটেলে নাস্তা খেতে দেখি। তার ছবি ফেসবুকে ও বিভিন্ন সংবাদপত্র দেখেছিলাম। চেহারা মিলে যাওয়ায় ডোমার থানায় মোবাইল করে জানালে পুলিশ এসে ওবায়দুলকে গ্রেফতার করে।’

রিশাকে ছুরিকাঘাত করার পর ওবায়দুল ঢাকা থেকে পালিয়ে প্রথমে দিনাজপুরের বীরগঞ্জে তার বোন ও দুলাভাইয়ের বাড়িতে অবস্থান নেয়। মঙ্গলবার সেখানে অভিযান চালিয়ে পুলিশ ওবায়দুলকে না পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য বোন খাদিজা বেগম ও দুলাভাই খাদেমুল ইসলামকে আটক করে। মঙ্গলবার সন্ধ্যা থেকে শহরের বিভিন্ন স্থানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ডোমার থানা পুলিশ ও র‌্যাব তাকে ধরতে সাঁড়াশি অভিযান চালায়।

ডোমার থানার ওসি আহমেদ রাজিউর রহমান রাজু জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওবায়দুলকে গ্রেফতার করা হয়েছে। তাকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, রাজধানীর কাকরাইলে গত বুধবার (২৪ আগস্ট)উইলস ফ্লাওয়ার স্কুলের সামনের ফুটওভার ব্রিজে রিশাকে ছুরিকাঘাত করে বৈশাখী টেইলার্স কাটিং মাস্টার ওবায়দুল। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার (২৮ আগস্ট) রিশা মারা যায়। রিশাকে ছুরিকাঘাত করার পরদিন তার মা তানিয়া হোসেন বাদী হয়ে রমনা থানায় মামলা করেন। রিশার মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.