Sylhet Today 24 PRINT

ওয়াশিকুর হত্যা: ৪জনকে আসামি করে মামলা, \'হুজুর\'দের নাম নেই

নিউজ ডেস্ক  |  ৩১ মার্চ, ২০১৫

রাজধানীতে দিনেদুপুরে ব্লগার ওয়াশিকুর রহমান বাবুর হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলা করেছেন ওয়াশিকুরের ভগ্নিপতি মনির হোসেন। মামলায় চারজনকে আসামি করা হয়েছে।

আটককৃত দুই খুনির জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে চারজনকে আসামি করা হলেও তাদের স্বীকারোক্তি অনুযায়ি হেফাজতে ইসলামের নিয়ন্ত্রনাধীন হাটহাজারি মাদ্রাসার ‘হুজুরদের’ হুকুমের আসামি হিসেবে উল্লেখ করা হয়নি।

আসামিরা হলেন, গ্রেপ্তার হওয়া জিকরুল্লাহ ও আরিফুল ছাড়াও আবু তাহের ও মাসুম নামে আরও দুই জন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. সালাহ উদ্দিন সংবাদমাধ্যমকে জানান- “রাত সাড়ে ১০টার দিকে ওয়াশিকুর রহমান বাবুর ভগ্নিপতি মনির হোসেন মাসুদ বাদী হয়ে মামলাটি করেছেন।”

গ্রেপ্তার দুই জনের প্রাথমিক স্বীকারোক্তি অনুযায়ী আবু তাহের ও মাসুমের নাম দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তেজগাঁও জোনের পুলিশের একজন সহকারী কমিশনার নাম প্রকাশ না করার শর্তে বলেন, “মাসুমই তিনজনকে দক্ষিন বেগুনবাড়ির ওই স্থান দেখিয়ে ওয়াশিকুরকে হত্যার কথা বলেন। গ্রেপ্তারকৃত দুই জন একে আপরকে চিনেন না এবং আগে তাদের কখনও দেখাও হয়নি।”

তিনি বলেন, তারা যে ধরনের তথ্য দিচ্ছেন তা যাচাই বাছাই করা হচ্ছে।

তেজগাঁও শিল্পাঞ্চলের বেগুনবাড়িতে সোমবার সকালে এই হত্যাকাণ্ডের পরপরই দুইজন শিখণ্ডী ধাওয়া করে ওই দুই জনকে ধরে ফেলে। তিন হামলাকারীর মধ্যে এই দুই জন ছিলেন বলে স্থানীয়দের দাবি। তাদের গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ধর্মীয় মতাদর্শ নিয়ে লেখালেখির কারণে বিরোধ থেকে ওয়াশিকুরকে হত্যার কথা গ্রেপ্তার দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

জিজ্ঞাসাবাদে খুনিরা জানিয়েছিল- "ব্লগ কি বুঝি না, আর তার লেখাও আমরা দেখিনি। হুজুরের পরামর্শ, সে ইসলামবিরোধী। তাকে হত্যা করা ঈমানি দায়িত্ব। আর সেই ঈমানি দায়িত্ব পালন করতে ওয়াশিকুরকে হত্যা করেছি’'।

২৭ বছর বয়সী ওয়াশিকুর তেজগাঁও কলেজ থেকে লেখাপড়া শেষ করে মতিঝিলের ফারইস্ট এভিয়েশন নামের একটি ট্র্যাভেল এজেন্সিতে প্রশিক্ষক হিসেবে কাজ করছিলেন। তার বাবার নাম টিপু সুলতান, বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামে।

সামহোয়্যারইন ব্লগে ‘বোকা মানব’ নামে একটি অ্যাকাউন্ট থাকলেও তিনি মূলত লেখালেখি করতেন ফেইসবুকের কয়েকটি অ্যাকাউন্টের মাধ্যমে।

এর আগে হত্যাকাণ্ডগুলোর সময় আনসারুল্লা বাংলা টিমসহ কয়েকটি জঙ্গি সংগঠনের নাম এলেও জিকরুল ও আরিফুল কোনো সংগঠনে জড়িত কি না, তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। মেডিকেল কলেজ মর্গ থেকে সোমবার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.