Sylhet Today 24 PRINT

বিজিবিকে সীমান্ত ব্যাংক ‘উপহার’ প্রধানমন্ত্রীর, সিলেটেও শাখা হবে

সিলেটটুডে ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০১৬

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের জন্য সীমান্ত ব্যাংকের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংকটি তাঁর পক্ষ থেকে বাহিনীর সকল সদস্যদের জন্য ঈদের উপহার বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সিলেটসহ ছয়টি জেলায় চলতি বছরেই এ ব্যাংকের শাখা খোলা হবে।
 
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) পিলখানায় ব্যাংকটির উদ্বোধন করা হয়।  
 
শেখ হাসিনা বলেন, এই ব্যাংকটি বাহিনীর সদস্য, অবসরপ্রাপ্ত সদস্য ও তাদের পরিবারের কল্যাণে কাজ করবে। বাহিনীর সদস্যরা ব্যাংক থেকে গৃহঋণ, চিকিৎসা সেবা ও শিক্ষা খাতে ঋণ নিতে পারবে। ব্যাংকের মুনাফা বাহিনীর সদস্যদের কল্যাণে লাগানো হবে।  
 
তিনি আরও বলেন, ব্যাংকটি দেশের অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।  
 
প্রধানমন্ত্রী বলেন, বিজিবির তৎপরতার কারণেই সীমান্তে হত্যা কমেছে। মিয়ানমারের সঙ্গে সীমান্ত সমস্যাও সমাধান হয়েছে।  
 
নাশকতা দমনে বিজিবির ভূমিকা জাতি সবসময় স্মরণ রাখবে বলেও মনে করেন প্রধানমন্ত্রী।  

উদ্বোধনী অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী সীমান্ত রক্ষী বাহিনীর নতুন এই ব্যাংকের ফলকও উন্মোচন করেন।

৪০০ কোটি টাকা অনুমোদিত এবং ১০০ কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে গঠিত সীমান্ত ব্যাংক লিমিটেডকে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করে গত ১০ অগাস্ট গেজেট প্রকাশ করে সরকার। এর মধ‌্য দিয়ে অন্যান্য বাণিজ‌্যিক ব্যাংকের মতো কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হয় এ ব‌্যাংকের জন‌্য।

সীমান্ত ব্যাংকের মালিকানা থাকবে বিজিবি কল্যাণ ট্রাস্টের হাতে। ঢাকার জিগাতলায় সীমান্ত স্কয়ারের কাছে নির্মিত নতুন ভবনে এর প্রধান কার্যালয়।

এ বছরই খুলনা, সিলেট, সাতক্ষীরা, ময়মনসিংহসহ ছয়টি স্থানে সীমান্ত ব্যাংকের শাখা খোলা হবে। আর আগামী বছরের মধ্যে আরও ২০টি শাখা খোলার লক্ষ‌্য ঠিক করেছে কর্তৃপক্ষ।

এই ব‌্যাংক বিজিবি সদস্য এবং তাদের পরিবারের জন‌্য কল্যাণ বয়ে আনবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “এখানে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডেও যথেষ্ট অবদান রাখতে পারবে।”

এনআরবি ব্যাংকের এমডি মোখলেছুর রহমানকে ইতোমধ‌্যে সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। পদাধিকারবলে এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হবেন বিজিবির মহাপরিচালক। সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট ব্যাংকের আদলে নতুন এই ব্যাংকের কার্যক্রম চলবে।

২০১৪ সালে পিলখানার দরবারে বিজিবির পক্ষ থেকে একটি ব্যাংক প্রতিষ্ঠার আবেদন জানানো হলে তাতে সম্মতি দেন প্রধানমন্ত্রী। গত বছর বিজিবি দিবসের অনুষ্ঠানে নতুন ব্যাংকের ‘লোগো’ উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, “সবাইকে একটি করে ব্যাংক করে দেওয়া হয়েছে। আমাদের সেনাবাহিনীকে একটি ব্যাংক করে দেওয়া হয়েছে। নৌ বাহিনী ও বিমান বাহিনী একটি করে ব্যাংক চাচ্ছিল। আমি বলেছি, দু’জনে যৌথভাবে করেন। তারা সে উদ্যোগটা নিয়েছে।”

‘আস্থা সীমাহীন’ এই মূলমন্ত্র ধারণ করে নবগঠিত সীমান্ত ব্যাংকের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।

অন‌্যদের মধ‌্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র সচিব মো. মোজাম্মেল হক খান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব মো. ইউনুসুর রহমান, বিজিবি মহাপরিচালক ও সীমান্ত ব্যাংকের চেয়ারম্যান আজিজ আহমেদ এবং সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোখলেছুর রহমান অনুষ্ঠানে বক্তব্য দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.