Sylhet Today 24 PRINT

ওয়াশিকুর হত্যা: আটক খুনিরা ৮ দিনের রিমাণ্ডে

নিউজ ডেস্ক  |  ৩১ মার্চ, ২০১৫

অনলাইন অ্যাক্টিভিস্ট, ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যার ঘটনায় ঘটনাস্থল থেকে গ্রেপ্তার দুই মাদ্রাসাছাত্রকে আট দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছিল- "ব্লগ কি বুঝি না, আর তার লেখাও আমরা দেখিনি। হুজুরের পরামর্শ, সে ইসলামবিরোধী। তাকে হত্যা করা ঈমানি দায়িত্ব। আর সেই ঈমানি দায়িত্ব পালন করতে ওয়াশিকুরকে হত্যা করেছি’'

হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে গ্রেপ্তার মাদ্রাসাছাত্র জিকরুল্লাহ ও আরিফুলকে মঙ্গলবার আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডের আবেদন করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ পরিদর্শক আলতাফ হোসেন শুনানিতে বলেন, “ওই দুইজন ব্লগার ওয়াশিকুর হত্যায় সরাসরি জড়িত। তারা লেখক অভিজিৎ রায় হত্যার সঙ্গেও জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।”

এ সময় দুই আসামির পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। তারাই আদালতের অনুমতি নিয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলেন।

আদালত পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ কমিশনার আনিসুর রহমান একটি অনলাইন নিউজপোর্টালকে বলেন, “আসামিরা বলেছে, মাসুম নামে একজনের নির্দেশে তারা ওয়াশিকুরকে হত্যা করেছে। আবু তাহের নামে আরেকজন তাদের সঙ্গে ছিল।”

মতিঝিলের ফারইস্ট এভিয়েশন নামে একটি ট্র্যাভেল এজেন্সির কর্মী ওয়াশিকুরকে সোমবার সকালে তেজগাঁও শিল্পাঞ্চলের বেগুনবাড়িতে তার বাসার কাছে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পরপরই জনতা ধাওয়া করে জিকরুল্লাহ ও আরিফুলকে ধরে ফেলে। তাদের আরেক সঙ্গী এ সময় পালিয়ে যায়।

রাতে ওয়াশিকুরের ভগ্নিপতি মনির হোসেন মাসুদ তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যাতে জিকরুল্লাহ ও আরিফুলের সঙ্গে তাহের ও মাসুমকেও আসামি করা হয়।

মঙ্গলবার লক্ষ্মীপুরের রামগঞ্জে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ব্লগার ওয়াশিকুর রহমান বাবু তার দক্ষিণ বেগুনবাড়ীর বাসা থেকে কর্মস্থল মতিঝিল ফারইস্ট ট্রাভেল এজেন্সি অফিসে যাওয়ার জন্য বের হন।

এর কিছুক্ষণ পরেই রাস্তায় তিনজন তাকে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করে। এ সময় আশপাশের লোকজন ও টহলরত পুলিশ দুর্বৃত্তদের ধাওয়া করে দুজনকে আটক করে আর একজন পালিয়ে যায়। এই দুই খুনিকে রাস্তায় ঝাপটে ধরে আটকান দুই শিখণ্ডী। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.