Sylhet Today 24 PRINT

একদিন আমরা বিশ্বকাপ জিতবোই : প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৪ সেপ্টেম্বর, ২০১৬

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইনশাল্লাহ ক্রিকেটে একদিন আমরা বিশ্বকাপ জিতবোই।

রোববার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত জাতীয় ক্রীড়া পুরস্কার ২০১০-১১-১২ বিতরণ অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে উঠে এসেছে বাংলাদেশের নাম। ২০০১ সালে জামায়াত-বিএনপি ক্ষমতায় আসার পরে সব ধরনের খেলা বন্ধ হয়ে গিয়েছিলো।

তিনি আরও বলেন, ৭৫ সালের পরে আমাদের নীতি-আদর্শ একেবারে ভূ-লুণ্ঠিত হয়ে গিয়েছিলো। ২১ বছর পরে আমরা সরকার গঠন করে আমাদের ক্রীড়া অঙ্গনগুলো সজিব করতে শুরু করি।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ টিম বিশ্বকাপ খেলতে যাওয়ার পরে অনেকে মন্তব্য করেছিলেন, বাংলাদেশ দল প্রস্তত না। আমাদের ছেলেরা প্রমাণ করেছে তারা বিশ্বকাপ খেলার যোগ্য। নতুনদের সুযোগ দিতে হবে। পৃথিবীর সব দেশ এখন রয়েল বেঙ্গল টাইগারকে হিসাব করে চলে।

তিনি বলেন, ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয় করি আমরা, ১৯৯৮ সালে মিনি বিশ্বকাপের আয়োজন করি আমরা, ১৯৯৯ সালে পাকিস্তানকে পরাজিত করে বিশ্বকে অবাক করে দেয় বাংলাদেশ। এরপর ২০১১ সালেও বিভিন্ন খেলার আয়োজন করি আমরা। এখন দাবা, স্যুটিং, বাস্কেটবল, সাঁতার, গলফ এর মতো কিছু খেলা যা নিয়ে অলিম্পিকে অংশ নেওয়া যায়, সেসব খেলাকে গুরুত্ব দিচ্ছি আমরা।

২০১৩ সালে একসঙ্গে তিন বছরের (২০১০, ২০১১ ও ২০১২) জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য ৩৪ জনের নাম চূড়ান্ত করা হয়। পরে পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চূড়ান্ত তালিকায় ঠাঁই পান ৩৩ ক্রীড়া ব্যক্তিত্ব। তাদের মধ্যে জুম্মন লুসাই মারা গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.