সিলেটটুডে ডেস্ক | ০৫ সেপ্টেম্বর, ২০১৬
দীর্ঘদিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে আছে ১২ জঙ্গির লাশ। এতে হিমঘর প্রায় অচল হয়ে পড়েছে। অসুবিধা হচ্ছে নতুন লাশ রাখায়।
জঙ্গিদের লাশ নিয়ে পরবর্তী করণীয় কী হবে, তা জানতে চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বরাবর চিঠি দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
মর্গে ২০টি পর্যন্ত লাশ সংরক্ষণের ব্যবস্থা আছে। তবে হিমঘর ঠিকভাবে কাজ না করায় বর্তমানে রাখা যাচ্ছে সর্বোচ্চ ১২টি লাশ। কিন্তু এখন লাশ আছে ১৬টি। এর মধ্যে ১২টিই জঙ্গিদের লাশ। জায়গা না থাকায় একটি চেম্বারে দুটি করে লাশও রাখা হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা নয়টি লাশ কল্যাণপুরে পুলিশ অভিযানে নিহত জঙ্গিদের। আর তিনটি নারায়ণগঞ্জের পাইকপাড়ায় নিহত তিন জঙ্গির।