সিলেটটুডে ডেস্ক | ০৬ সেপ্টেম্বর, ২০১৬
রাজধানীর ধানমণ্ডি এলাকায় গণপিটুনির পর পালাতে গেলে পুলিশের গুলিতে সন্দেহভাজন এক ছিনতাইকারী নিহত হয়েছেন।
এ সময় তার সঙ্গে থাকা আরেক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন। তাকেসহ দু'জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শাহবাগ থানার ওসি আবুবকর সিদ্দিক সংবাদমাধ্যমে জানান, মঙ্গলবার ভোর ৬টার দিকে পল্টন মোড়ে একটি প্রাইভেটকারে করে ৩-৪ জন ছিনতাইকারী রিকশাআরোহী এক ইডেন ছাত্রীর ব্যাগ ছিনতাই করে।
এ গটনার পর আরও ছিনতাইয়ের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। ছিনতাইকারীদের গাড়িটি ধানমণ্ডি ৩ নম্বর সড়কের মাথায় গিয়ে আটক করা সম্ভব হয়।
কিন্তু সেখানে উপস্থিত স্থানীয় জনতা গাড়িটি ঘিরে ফেলে ছিনতাইকারীদের গণপিটুনি দেয়। এক পর্যায়ে সেখান থেকে সুযোগ পেয়ে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
এতে দু'জন গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় এক ছিনতাইকারীর মৃত্যু হয়।
এ ঘটনায় গুলিবিদ্ধ ওই ছিনতাইকারী ও বাশার নামের আরেকজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে বাশারকে শাহবাগ থানায় রাখা হয়েছে।
এ ঘটনায় ছিনতাইকারীদের গাড়ি থেকে চারটি মোবাইল ফোন, কয়েকটি ব্যাগ, ধারালো ছুরি ও চাপাতি উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি আবু বকর সিদ্দিক।