Sylhet Today 24 PRINT

জঙ্গি নয়, ‘চোর’

সিলেটটুডে ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০১৬

ঢাকার গুলশান-১ এর একটি ভবনে এলজি ইলেকট্রনিক পণ‌্যের শো রুমে ঢুকে পড়া কয়েকজন তরুণ আসলে চোর বলে জানা গেছে। এই যুবকদের ইতিমধ্যে আটক করা হয়েছে। তবে এখনো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

গুলশান জোনের এডিসি আব্দুল আহাদ জানান, সকালে এলজির শো-রুমে চার যুবক জোর করে প্রবেশ করে। খবর পেয়ে পুলিশ ওই ভবন ঘিরে রাখে। পরে ভবনে ঢুকে ওই চার যুবককে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের কূটনৈতিক জোনের ডিসি জসিম উদ্দিন একটি অনলাইন গণমাধ্যমকে বলেন, ‘গ্রিল কেটে কয়েকজন ওই ভবনের ভেতরে ঢুকেছে খবর পেয়ে পুলিশ ঘেরাও করেছিল। পরে দেখা গেলো তারা চুরি করতে ঢুকেছে।’

ওই ভবনে দুটি বেসরকারি ব্যাংক ও এলজির শোরুম রয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার রাতে এলজি শোরুমে তিন থেকে চারজন ব্যক্তি ঢুকে পড়ে। পরে ওই শোরুমের সিকিউরিটির লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.