Sylhet Today 24 PRINT

উত্তরবঙ্গের স্বপ্নের চারলেন প্রকল্প একনেকে অনুমোদিত

সিলেটটুডে ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০১৬

উত্তরবঙ্গের মানুষদের জন্য বড় খবর এলো একনেকের সভায়। চূড়ান্ত অনুমোদন পেয়েছে সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে রংপুরের বুড়িমারী পর্যন্ত ১৯০ কিলোমিটার সড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্প। প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ১৮১ কোটি টাকা।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত  জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)  সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় প্রকল্পটির। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

 সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আজকের সভায় মোট সাতটি প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। যার ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৮শ' ৯৮ কোটি টাকা। এর মধ্যে প্রকল্প সাহায্য আসবে ৯ হাজার ৫২৫ কোটি ৯২ লাখ টাকা এবং সরকারি তহবিল থেকে যোগান দেওয়া হবে ৩ হাজার ৩৬৮ কোটি ৯ লাখ টাকা।’

তিনি আরও জানান, ‘সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে রংপুরের বুড়িমারী পর্যন্ত ১৯০ কিলোমিটার সড়কে ৮০টি ‘বাস-বে’ নির্মাণ করা হবে। এর পাশাপাশি মহাসড়কে ২ হাজার ৬৩৫ মিটারের তিনটি ফ্লাইওভার, ৪১১ মিটারের একটি রেলওয়ে ওভারপাস, ৩২টি ব্রিজ, ১৬১টি কালভার্ট, ১১টি পথচারী ওভারপাস, ৩৯টি আন্ডারপাস এবং একটি ইন্টারচেঞ্জ নির্মাণ করা হবে।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ধরা হয় ১২ হাজার কোটি টাকার কিছু বেশি। কিন্তু পরিকল্পনা কমিশনের পর্যবেক্ষণের পর ব্যয় কমিয়ে ১১ হাজার ৮৮১ কোটি টাকা ধরা হয়েছে। প্রকল্পের সরকারি অর্থায়ন ধরা হয়েছে ১ হাজার ৯৫২ কোটি টাকা। বাকি অর্থ আসবে প্রকল্প সাহায্য থেকে।’

২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলেও জানান পরিকল্পনামন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.