Sylhet Today 24 PRINT

বাংলাদেশে আর কেউ না খেয়ে থাকবে না : প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে আর কেউ না খেয়ে থাকবে না, রোগে ভুগে মানুষ মারা যাবে না।

বুধবার (৭ সেপ্টেম্বর) কুড়িগ্রামের চিলমারী থানাহাট এ ইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন পর্যায়ে দরিদ্র পরিবারের জন্য ‘খাদ্যবান্ধব কর্মসূচি’র আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর- এই পাঁচ মাস হতদরিদ্র ৫০ লাখ পরিবার ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাবেন। বিধবা ও প্রতিবন্ধী নারীদের এ ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে। এ জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গঠিত একটি কমিটি হতদরিদ্র পরিবারের সংখ্যা ঠিক করে তাদের কার্ড দেবে। কমিটিতে জনপ্রতিনিধিরাও আছেন।

‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’- এ স্লোগানে হতদরিদ্র মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন সফল করতে চিলমারীতে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জেলা ও স্থানীয় আওয়ামী লীগসহ প্রশাসনের কর্মকর্তারা কর্মসূচি সফল করতে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে কুড়িগ্রাম-চিলমারী মহাসড়কের বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে তোরন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.