সিলেটটুডে ডেস্ক | ০৮ সেপ্টেম্বর, ২০১৬
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের জন্য আগামী ৩১ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
ঢাকার ২ নম্বর বিশেষ জজ আমিরুল ইসলামের আদালতে ওই মামলার অভিযোগ গঠনের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য ছিল। কিন্তু মামলার আসামি ব্যারিস্টার আমিনুল হকের পক্ষে মামলার কার্যক্রম উচ্চ আদালতে স্থগিত থাকার কারণে বিচারক অভিযোগ গঠনের নতুন দিন ধার্য করেন।
খালেদার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার পক্ষে আইনজীবীর মাধ্যমে হাজিরা দাখিল করা হয়েছে। এ মামলায় সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন আদালতে হাজিরা দিয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, বড়পুকুরিয়া কয়লাখনি উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়।
২০০৮ সালের ৫ অক্টোবর ১৬ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া, সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, এম শামসুল ইসলামসহ পাঁচজন বিভিন্ন সময়ে মারা যাওয়ায় মামলা থেকে বাদ দেওয়া হয়েছে।
খালেদা জিয়া ছাড়া মামলার মূল আসামিরা হলেন—ড. খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার আমিনুল হক, এ কে এম মোশাররফ হোসেন, জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এস আর ওসমানী, সাবেক পরিচালক মঈনুল আহসান, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম ও খনির কাজ পাওয়া কোম্পানির স্থানীয় এজেন্ট হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।