Sylhet Today 24 PRINT

শিশু হত্যার দায়ে বাবা-মায়ের ফাঁসির আদেশ

সিলেটটুডে ডেস্ক |  ০৮ সেপ্টেম্বর, ২০১৬

রংপুরে তানজিলা খাতুন (৭) নামে এক শিশু সন্তানকে হত্যার দায়ে বাবা আবু তাহের (৪১) ও সৎ মা লাবনী বেগমের (২৯) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ফারুক মো. রিয়াজুল করিম এবং আসামি পক্ষে পরিচালনা করেন অ্যাড. সুলতান আহম্মেদ শাহীন।

মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় ফলিয়া গ্রামের সালেহা বেগমের সঙ্গে কাফ্রিখাল এলাকার আবু তাহেরের বিয়ে হয়। বিয়ের পর জন্ম হয় তানজিলার। এরপর ২০০৭ সালে আবু তাহের গোপনে একই এলাকার সোনা মিয়ার স্ত্রী লাবনীকে বিয়ে করে নিজ বাড়িতে নিয়ে যান।

ঘটনার দিন ২০০৭ সালের ১৩ ডিসেম্বর মেয়ে তানজিলা ও দ্বিতীয় স্ত্রী লাবনীকে নিয়ে পার্শ্ববতী শ্যামপুর এলাকায় বেড়াতে যান আবু তাহের। বাড়ি ফেরার পথে সন্ধ্যা ৬টার দিকে কাফ্রিখাল শিমুলতল এলাকায় স্বামী ও স্ত্রী মিলে শ্বাসরোধে তানজিলাকে হত্যা করেন। স্থানীয়রা এগিয়ে এসে আবু তাহেরকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তবে লাবনী পালিয়ে যান।

ঘটনার পরদিন নিহত তানজিলার মামা সাদেকুল ইসলাম বাদী হয়ে ওই দু’জনকে আসামি করে পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন মামলাটি আদালতে বিচারাধীন থাকার পর বৃহস্পতিবার এর রায় ঘোষণা করা হয়। অভিযুক্ত আসামি জামিনে বেরিয়ে বর্তমানে পলাতক রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.