Sylhet Today 24 PRINT

টঙ্গীতে নিহত শ্রমিকদের পরিবার পাবে ২ লাখ টাকা

সিলেটটুডে ডেস্ক |  ১০ সেপ্টেম্বর, ২০১৬

গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরীতে কারখানায় বয়লার বিস্ফোরণে নিহত শ্রমিকদের প্রত‌্যেকের পরিবারকে দুই লাখ টাকা করে দেবে সরকার।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এ তথ‌্য জানিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে দুই লাখ টাকা করে অনুদান দেওয়া হবে।

শনিবার সকালে ট্যাম্পাকো ফয়েলস নামে ওই প‌্যাকেজিং কারখানায় বয়লার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ২৪ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ‌্যে শ্রমিক ছাড়া এক রিকশাচালকের নামও পাওয়া গেছে। তবে তার অনুদান পাওয়ার বিষয়টি এখনও নিশ্চিত নয়।

এদিকে গাজীপুর জেলা প্রশাসন নিহতদের প্রত‌্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দিচ্ছে। জেলা প্রশাসক এস এম আলম ঘটনাস্থল পরিদর্শনের সময় এই ঘোষণা দেন। পাশাপাশি আহতদের প্রত‌্যেককে ১০ হাজার টাকা করে দিচ্ছে জেলা প্রশাসন।

কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহাম্মদ জানিয়েছেন, আহত শ্রমিকদের চিকিৎসাও করানো হবে। সেই সাথে কারখানার মালিকদের প্রত্যেক শ্রমিকের পাওনা পরিশোধ করতেই হবে। কারখানার মালিক সিলেটের সাবেক বিএনপি সাংসদ সৈয়দ মো. মকবুল হোসেন হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.