সিলেটটুডে ডেস্ক | ১০ সেপ্টেম্বর, ২০১৬
রাজধানীর আজিমপুরে 'জঙ্গি আস্তানায়' পুলিশের অভিযানে আহত অবস্থায় আটক তিন নারী জঙ্গিদের মধ্যে একজন রূপনগরে নিহত মেজর (অবঃ) জাহিদুলের স্ত্রী জেবুন্নাহার শিলা, এমনটি ধারণা পুলিশের। অপর দুই নারী জঙ্গির নাম শাহেলা ও শারমিন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
ওই বাসা থেকে উদ্ধার হওয়া দুই শিশু সন্তান জুনায়েরা (৬) ও মারিয়াম (১)ও মেজর জাহিদের সন্তান বলে ধারণা পুলিশের। শিশুদের একজন নারী পুলিশ কর্মকর্তার তত্ত্বাবধানে রাখা হয়েছে। তারা অক্ষত আছে।
পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন বলেন, “এই তিন নারীর মধ্যে একজন জঙ্গি জাহিদের স্ত্রী বলে আমরা ধারণা করছি। বিষয়টি নিশ্চিত হতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।”
একই ধারণার কথা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকও। তিনি বলেছেন, রাজধানীর আজিমপুরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে আহত হওয়ার পর আটক তিন নারী জঙ্গির একজন মেজর জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার শিলা বলে ধারণা করছে পুলিশ।
শনিবার (১০ আগস্ট) সন্ধ্যার পর আজিমপুরে জঙ্গি আস্তানার খোঁজ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযান চালাতে গেলে ভেতরে থাকা নারী জঙ্গিরা পুলিশকে ছুরিকাঘাত ও মরিচের গুড়া মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের আটক করে পুলিশ।এ ঘটনায় আহত হয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের পাঁচ সদস্য।