সিলেটটুডে ডেস্ক | ১০ সেপ্টেম্বর, ২০১৬
রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় আজিমপুরের হাজী কায়সারের বাড়িতে। বিজিবি সদর দফতরের ২ নম্বর গেইট সংলগ্ন ২০৯/৫ নম্বরের ছয় তলা বাড়ির দ্বিতীয় তলায় গিয়ে দরজা ধাক্কা দেন পুলিশ সদস্যরা। ভেতর থেকে নারীকন্ঠ বলে ওঠে- আসছি। এরপর ভেতর থেকে মহিলা সদস্যরা দরজা খোলে। হাতে তাদের ছোরা ও মরিচের গুঁড়া। কিছু বুঝে ওঠার আগেই নারী জঙ্গিরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে মরিচের গুঁড়া ছুড়ে মারে। এর মধ্যে একজন নারী দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে দৌড়ে বাসা থেকে বেরিয়ে যায়।
কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, "নারী জঙ্গিদের অতর্কিত হামলার পাশাপাশি পুরুষ জঙ্গি সদস্য তাদের লক্ষ্য করে বোমা হামলা চালায়। বোমার স্প্লিন্টারে ও ছুরিকাঘাতে আহত হন পাঁচ পুলিশ সদস্য। পুলিশ পাল্টা গুলি চালালে পুরুষ জঙ্গি নিহত ও তিন নারী জঙ্গি আহত হয়। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।"
আহত তিন নারী জঙ্গি হচ্ছে মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানে নিহত জঙ্গি মেজর জাহিদের স্ত্রী জেবুন্নাহার শিলা,অপর দুজনের নাম শাহেলা ও শারমিন। বাসা থেকে মেজর জাহিদের দুই শিশু সন্তান জুনায়েরা (৬) ও মারিয়াম (১) কেও উদ্ধার করেছে পুলিশ। দুই শিশুকে একজন নারী পুলিশ কর্মকর্তার তত্ত্বাবধানে রাখা হয়েছে। তারা অক্ষত আছে।