সিলেটটুডে ডেস্ক | ১০ সেপ্টেম্বর, ২০১৬
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, টঙ্গীতে বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ড ও প্রানহানির ঘটনায় কারখানার মালিক ড. সৈয়দ মকবুল হোসেন (লেচু মিয়া)'র বিরুদ্ধে মামলা হবে।
গাজীপুর জেলার টঙ্গী বিসিক শিল্পনগরীতে ট্যাম্পাকো কুটিংস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মন্ত্রী বলেন, "তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যেহেতু ওই কারখানায় অগ্নিকাণ্ডে এতোগুলো মানুষ মারা গেছে তাই তদন্ত শেষে বলা যাবে, কোন ধারায় মালিকের বিরুদ্ধে মামলা করা হবে। এ ধরনের কারখানায় যারা রাসায়নিক কেমিক্যাল ব্যবহারের জন্য রাখেন, তাদের বিশেষ ব্যবস্থায় রাখতে বলা হয়েছিলো। যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। রাসায়নিক কেমিক্যালের কারণে দ্রুতগতিতে আগুন ছড়িয়ে পড়ে কারখানার ভেতরে। ফায়ার সার্ভিসের কর্মীরা সময় মতো না এলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তো।"
টঙ্গীতে বয়লার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ব্যাপক প্রানহানি ঘটা কারখানাটির মালিক সিলেটের সাবেক সাংসদ ড. সৈয়দ মকবুল হোসেন (লেচু মিয়া)। বিএনপিদলীয় এই নেতা সিলেটের গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনের সংসদ সদস্য ছিলেন।
এদিকে, ঘটনার পর থেকে মকবুল হোসেন লেচু মিয়ার ব্যক্তিগত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। তাঁর অবস্থান সম্পর্কেও কেউ নিশ্চিত করতে পারেননি।
ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক হিসেবে বিগত দিনে দায়িত্ব পালন করেন। নানা কারণে আলোচিত সমালোচিত মকবুল হোসেন সিলেট অঞ্চলে লেচু মিয়া নামেই সমাধিক পরিচিত। নির্বাচনে ঢালাও অর্থব্যয়ের কারণে বিভিন্ন সময় আলোচনায় ওঠে এসেছে এই ধনকুবেরের নাম। নিজ দলের ভেতরেও বিভিন্ন সময় বিতর্কে জড়িয়েছেন তিনি। হয়ে পড়েন কোনঠাসা। সাম্প্রতিক সময়ে রাজনীতি থেকে দুরত্ব বজায় রেখে ব্যবসায় মনোনিবেশ করেন লেচু মিয়া।
তিনি বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসন থেকে মোট ৩ বার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। এর মধ্যে দু’বারই তিনি স্বতন্ত্র নির্বাচন করে সাংসদ নির্বাচিত হন। ১৯৮৮ ও ২০০১ সালে তিনি নির্বাচন করে জয়লাভ করেন। ২০০১ সালে স্বতন্ত্র নির্বাচন করে জয়লাভের পর বিএনপিতে যোগ দেন।
উল্লেখ্য, শনিবার (১০ সেপ্টেম্বর) ভোরে গাজীপুর জেলার টঙ্গী বিসিক শিল্পনগরীতে ট্যাম্পাকো কুটিংস লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ২৪ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।