সিলেটটুডে ডেস্ক | ১১ সেপ্টেম্বর, ২০১৬
গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প নগরীতে পলি প্যাকেজিং কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যাক্তির নাম রিপন দাশ (৩৫)। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ জনে।
রোববার (১১ সেপ্টেম্বর) ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান।
রিপনের বাড়ি টাঙ্গাইলে, তিনি টাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানার প্রিন্টিং অপারেটর ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, রিপনের শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় ভোররাতের দিকে তার মৃত্যু হয়।
উল্লেখ্য, শনিবার সকাল ৬টার দিকে অ্যালুমনিয়াম ফয়েল তৈরির কারখানা টাম্পাকোয় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে ভবনের ভেতরে আগুন ধরে যায়। এতে ভবনের সামনের গেটে দায়িত্বরত নিরাপত্তাকর্মী, রিকশা চালক ও দুইযাত্রীসহ ১৪ জন ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ১০ জন।