Sylhet Today 24 PRINT

ঈদের জামাতে জায়নামাজ ছাড়া অন্য কিছু না আনার আহ্বান

সিলেটটুডে ডেস্ক |  ১১ সেপ্টেম্বর, ২০১৬

আগামী মঙ্গলবার দেশব্যাপী পবিত্র ঈদুল আজহার জামাতে ঈদগাহে জায়নামাজ ছাড়া অন্য কিছু না আনার অনুরোধ জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। জননিরাপত্তার স্বার্থে এ আহ্বান জানানো হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এ আহ্বান জানান তিনি।

র‌্যাবের মহাপরিচালক বলেন, জায়নামাজ ছাড়া অন্য কিছু আনলে নিরাপত্তা তল্লাশি করতে দেরি হয়। লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। জায়নামাজ ছাড়া অন্য কিছু না আনলে স্ক্যানিংয়েও সুবিধা হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর কাজেও সুবিধা হয়। তাই আমি দেশবাসীকে অন্য কিছু না আনার অনুরোধ জানাচ্ছি।

জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকাসহ সারাদেশে গুরুত্বপূর্ণ ঈদ জামাতগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব। ১ জুলাইয়ের হামলা, শোলাকিয়ায় হামলা, সাম্প্রতিক ঘটনাবলি ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.