Sylhet Today 24 PRINT

করিম কিংবা শমসেদ নয় আজিমপুরে নিহত জঙ্গির নাম তানভীর কাদেরি

সিলেটটুডে ডেস্ক |  ১৩ সেপ্টেম্বর, ২০১৬

আজিমপুরের জঙ্গি আস্তানায় পুলিশি অভিযানে নিহত জঙ্গির একাধিক নাম নিয়ে বিভ্রান্তির পর পুলিশ তার প্রকৃত পরিচয় জানিয়েছে। নিহত ওই ব্যক্তির নাম শুরুতে আব্দুল করিম ওরফে শমসেদ ওরফে জমশেদ জানা গেলেও পুলিশ জানিয়েছে এই সব নামই আসলে ভুয়া। এই জঙ্গির আসল নাম তানভীর কাদেরি। তার বাড়ি গাইবান্ধায়। তার বাবার নাম এস এম বাতেন কাদেরি।

সোমবার (১২ সেপ্টেম্বর) গাইবান্ধার বাড়ি থেকে তার বাবা ও বোনসহ তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত পরিচয় জানা গেছে বলে জানিয়েছেন  গাইবান্ধা সদর থানার ওসি মেহেদী হাসান।

ওসি জানিয়েছেন, তার বাবা বাতেন, বোন তানজিলা ও মেয়েজামাই জিয়াউল ইসলামকে সোমবার আটক করে জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য পাওয়ার পর তাদের ছেড়ে দেয়া হয়েছে।

গত শনিবার সন্ধ্যায় আজিমপুর ২০৯/৫ নম্বর বাড়িতে অভিযানের সময় সন্দেহভাজন তিন নারী জঙ্গির সাথে এই তানভীরের লাশ পাওয়া যায়। এই অভিযানে পাঁচ পুলিশ সদস্য আহত হন। আহত অবস্থায় তিন নারীকে আটক করে পুলিশ। এছাড়া ওই বাসা থেকে উদ্ধার করে তিন শিশুকে সেইফ হোমে নেয়া হয়।

এই ঘটনায় রাজধানীর লালবাগ থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা করেছে পুলিশ এতে আসামী করা হয়েছে নিহত তানভীর কাদেরি ওরফে শমসেদ ওরফে আবদুল করিম, তার স্ত্রী আবেদাতুল ফাতেমা ওরফে খাদিজা, তাদের ছেলে তাহরীন কাদির রাসেল, অন্য দুই নারী আফরিন ওরফে প্রিয়তী ও শায়লা আফরিনকেও আসামি করা হয়। এদের মধ্যে তাহরীন ছাড়া সবাই হাসপাতালে রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.